নিজস্ব প্রতিবেদক :
দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন পতিত ফ্যাসিবাদের দোসররা। বিদেশে অবস্থান করেও তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের সম্পদ লুটপাট করে একটি মহল বিদেশে বিলাসী জীবনযাপন করছে। বিদেশে অবস্থান করেও তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের নাশকতা ও ষড়যন্ত্রের অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। কয়েক দিন আগে বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়, তা সবার ভেবে দেখা উচিত।
বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী আরো বলেন, ব্যাংক লুট ও অর্থ পাচারের মাধ্যমে দেশের সম্পদ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপনের অভিযোগ রয়েছে পতিত সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে। দেশের বাইরে অবস্থান করেও তাঁরা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করছে। একজন অসহায় মানুষ মাস শেষে আড়াই হাজার টাকা পেলেও তাঁর খাবার ও দৈনন্দিন জীবনযাপনে কিছুটা স্বস্তি আসবে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করা নেতাকর্মী ও তাঁদের পরিবারের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। নির্যাতন ও নিপীড়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করা রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ।
‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অসহায় মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়। পাশাপাশি চিকিৎসা সহায়তা, নগদ অর্থ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
জানা গেছে, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে অনেক নেতাকর্মী ও তাঁদের পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের কেউ আর্থিক সংকটে পড়েছেন, আবার কেউ হারিয়েছেন স্বাভাবিক জীবনযাপনের সুযোগ। এসব পরিবারকে পুনর্বাসন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সহায়তা পাওয়া ব্যক্তিরা জানান, নগদ অর্থ ও সেলাই মেশিন তাঁদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি আয়ের নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে। বাড়ি নির্মাণের সহায়তা পাওয়া পরিবারটির জন্যও এটি নিরাপদ আবাসনের সুযোগ তৈরি করেছে।
অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহারিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল কায়েসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















