মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা:
ফরিদপুরের মধুখালীতে চুরি হওয়া একটি মাহিন্দ্রা লেগুনার গাড়ি ও বিভিন্ন যন্ত্রাংশ যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অপর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশের প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাতে মধুখালী পৌরসভার পঞ্চিমগাড়াখোলা গ্রামের গাড়ির চালক সৈয়দ রনি হোসেনের বাড়ীর সামনের ইটের রাস্তার ওপর নীল রঙের একটি মাহিন্দ্রা লেগুনা রাখা ছিল। পরদিন সকালে গাড়িটি সেখানে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তিনি। পরে গাড়ির মালিক ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে মধুখালী থানায় চুরির অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মধুখালী থানার পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় গত ২৫ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে যশোর কোতোয়ালি থানাধীন আরবপুর এলাকা থেকে মামলার সন্দেহভাজন আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য এবং তদন্তের ভিত্তিতে যশোরের ধর্মতলা এলাকার সোনালী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশ থেকে চুরি হওয়া মাহিন্দ্রা গাড়ির সামনের মূল অংশসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে গাড়ির ছাদের অংশ, বসার সিট ও দুই পাশের রেলিং রয়েছে। এ ঘটনায় জড়িত অপর সন্দেহভাজন আবু সাঈদকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে পুলিশ।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান তার সঠিক দিকনির্দেশানায় উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান গাড়ি উদ্ধার ও চুরির সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে। চুরির ঘটনায় মধুখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চোরাই মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে চুরি হওয়া মাহিন্দ্রা লেগুনার উদ্ধার, গ্রেপ্তার ১
-
Reporter Name - Update Time : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- ২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



















