বিশেষ প্রতিনিধি:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ফরিদপুরে র্যালি, প্রাণিসম্পদ মেলা, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর গণপূর্ত বিভাগের মাঠে প্রাণিসম্পদ মেলা ও বিভিন্ন স্টল উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ।
এ উপলক্ষে গণপূর্ত বিভাগের মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর শিশু একাডেমিতে এসে শেষ হয়। র্যালির প্রতিপাদ্য ছিল ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’।
পরে শিশু একাডেমির হলরুমে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সরকারিভাবে গরু, ছাগল, হাঁস-মুরগি বিতরণ করা হচ্ছে। পাশাপাশি খামারিদের বড় পরিসরে খামার গড়ে তুলতে বিনা সুদে অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধিতে শুধু দানাদার খাবার নয়, পর্যাপ্ত মাঠ ও সবুজ ঘাসেরও প্রয়োজন। দেশের দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি বাড়াতে খামারিদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, ভেটেরিনারি অফিসার ডা. মনমত কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও ভেটেরিনারি অফিসার ডা. মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী খামারি ও স্টল প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Reporter Name 


















